খাবারের সন্ধানে লোকালয়ে এসে কাদামাটির গর্তে ৩ ঘণ্টা আটকা দুটি হাতি

খাদ্যের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসেছিল দুটি বন্য হাতি। কিন্তু লোকালয়ের একটি কাদামাটির গর্তে আটকা পড়ে হাতি দুটি। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফ রেঞ্জের মধ্যনহীলা বিটের আওতাধীন হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়।  

স্থানীয় বাসিন্দারা জানান, কম্বনিয়াপাড়াসংলগ্ন বন থেকে খাবারের সন্ধানে দুটি বন্য হাতি লোকালয়ে চলে আসে। একপর্যায়ে হাতি দুটি এলাকার একটি বড় কাদামাটির গর্তে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ইআরটি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় হাতি দুটি উদ্ধার করেন।

টেকনাফ রেঞ্জের মধ্যনহীলা বিট কর্মকর্তা মো. হোসেন বলেন, ‘খাবারের সন্ধানে এসে দুটি বন্যহাতি কাদামাটির গর্তে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা হাতি দুটি উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দিয়েছি।’