চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামের এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিলের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইমতিয়াজ সুলতান নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে ধরিয়ে দিয়েছিলেন তিনি।
ইমতিয়াজ সুলতানের স্ত্রী সূচি আক্তার জানিয়েছেন, বড় সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার স্বামীকে গুলি করেছে। কারণ ইমতিয়াজ ও তিনি ঢাকার বসুন্ধরা সিটি শপিংমলে ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেন। এরপর থেকেই বিরোধের সূত্রপাত হয়। তখন থেকে বিভিন্ন সময়ে তাদের হুমকি দিচ্ছিল বিদেশে পলাতক সাজ্জাদ আলীর (বড় সাজ্জাদ) বাহিনীর সন্ত্রাসীরা। একাধিকবার তাদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন তারা। স্বামীর চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের গ্রেফতারের দাবি জানান তিনি।
সূচি জানান, সোমবার দুপুরে ইমতিয়াজ তার বাবার বাসার নিচে একটি গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছয়-সাতজনের একটি দল সেখানে মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইল নামে তিনজনকে ইকরাম চিনতে পেরেছেন বলেও জানান সূচি।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে। গুলিবিদ্ধ যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন।’
তবে স্থানীয় একটি সূত্রের দাবি, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন এসে ইমতিয়াজকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। দুপুর সোয়া ২টার দিকে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গুলিবিদ্ধ ইমতিয়াজের বিরুদ্ধেও রয়েছে কয়েকটি মামলা। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন র্যাব-৭ তাকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছিল। পরে জামিনে মুক্তি পান।
স্থানীয় সূত্রের দাবি, ইমতিয়াজও চট্টগ্রামের অপরাধজগতে পরিচিত মুখ। গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।
২০০০ সালের ১২ জুলাই বহদ্দারহাটে সন্ত্রাসী হামলায় ছয় ছাত্রলীগ কর্মীসহ আটজন নিহত হন। সেই ঘটনায় করা মামলায় সাজ্জাদ আলী (বড় সাজ্জাদ) সাজাপ্রাপ্ত হলেও পরে উচ্চ আদালত থেকে খালাস পান। এরপর তিনি বিদেশে পালিয়ে যান। তবে সন্ত্রাসী কর্মকাণ্ড থামাননি। বিদেশ থেকে তার বাহিনীর মাধ্যমে বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারীতে অপরাধ পরিচালনা করে আসছেন। তার এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন সাজ্জাদ হোসেন (ছোট সাজ্জাদ)।
গত বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেন কয়েকজন লোক। এর আগে ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন ছোট সাজ্জাদ।
ছোট সাজ্জাদ মূলত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। বড় সাজ্জাদের হয়ে নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারীতে আধিপত্য বজায় রাখতে অপরাধ সংঘটিত করতেন ছোট সাজ্জাদ।
পুলিশ জানায়, ছোট সাজ্জাদের বাহিনীতে রয়েছেন ২৫ জন সক্রিয় সদস্য। তাকে গত বছরের ১৫ মার্চ ঢাকার শপিংমল থেকে গ্রেফতার করা হয়। এরপর বাহিনীর হাল ধরেন পাঁচ সহযোগী।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে সংঘটিত খুনের ঘটনায় উঠেছে সাজ্জাদের ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ রায়হানের নাম। তিনি রাউজানের মৃত বদিউল আলমের ছেলে। মাদকের মামলায় একাধিকবার কারাগারে যান। সেখানে ছোট সাজ্জাদের সঙ্গে তার পরিচয় হয়। গত ৩০ মার্চ বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, ১১ এপ্রিল রাউজানে যুবদল কর্মী ইব্রাহিম হত্যা, ২৩ মে ঢাকাইয়া আকবর খুনসহ আট মামলার আসামি রায়হান।
সাজ্জাদের আরেক সহযোগী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ফটিকছড়ির কাঞ্চনগরের মো. মুসার ছেলে। জোড়া খুন ও ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ সাত মামলার আসামি। অস্ত্র পরিচালনায় পারদর্শী। পুলিশ জানিয়েছে, তার পুরোনো ছবিতে ১৫-২০টি অস্ত্র বহনের প্রমাণ রয়েছে। জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করে এনেছিলেন তিনিই। গত ২৯ জুলাই তাকেও গ্রেফতার করেছে পুলিশ।
মোহাম্মদ বোরহানও জোড়া খুন ও ঢাকাইয়া আকবর হত্যাসহ আট মামলার আসামি। তিনি বড় সাজ্জাদের নির্দেশে নির্মাণাধীন ভবন ও কারখানা থেকে চাঁদা আদায় করেন। চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং গুলি করার কাজ করেন দলের সদস্যরা। বোরহান নগরের ২ নম্বর গেট এলাকার খায়রুল আলমের ছেলে। অন্যদিকে রাউজানের খোরশেদ এবং বায়েজিদের চালিতাতলির মোহাম্মদ ওরফে ভাতিজা মোহাম্মদের বিরুদ্ধেও হত্যা ও অস্ত্র মামলাসহ পাঁচটি করে মামলা রয়েছে। তারা সবাই সাজ্জাদের সহযোগী।