ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাত, শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে একজন সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের বাইরে পার্শ্ববর্তী একটি গাছে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ ১৬ জন শিক্ষার্থী আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন বলেন, ‘ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতে পুরো বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েন। তবে চতুর্থ শ্রেণির পাশের একটি গাছে বজ্রপাত হওয়ায় ওই শ্রেণির শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ জন শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বজ্রপাতের ঝলকানি লাগে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতার তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অন্ত বড়ুয়া বলেন, ‘বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক থাকায় সবাইকে বাড়ি পাঠিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর হয়নি।’