একসময় যেখানে ছিল মাছের ঘাট আর জঙ্গলে ভরা নদীর পাড়, প্রায় ১৫ বছরের ব্যবধানে সেটির চেহারা বদলে গেছে। গড়ে উঠেছে পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা প্রাঙ্গণ। মেঘনার পাড়ে দাঁড়িয়ে নদীর গভীর রূপ আর নির্মল হাওয়ায় শীতল হয়ে আসে মনপ্রাণ। সেখানে ছুটে আসছেন দর্শনার্থীরা, নিচ্ছেন তাজা ইলিশের স্বাদ।
এই পরিচ্ছন্ন প্রাঙ্গণ এখন লক্ষ্মীপুরের রায়পুরের মানুষের নতুন বিনোদনকেন্দ্র। ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্রতীরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের মতো এখানেও মেঘনার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। তবে বাড়তি পাওনা হিসেবে মিলছে মেঘনার তাজা ইলিশের স্বাদও।
এই পার্কে ঘোরাঘুরির পাশাপাশি মেঘনার তাজা ইলিশ খেতে হলে আসতে হবে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার ঘাটে। রায়পুর শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হায়দরগঞ্জ বাজার ও বেড়িবাঁধ পেরোলেই সাজু মোল্লার ঘাট। সেখানে প্রায় ২০ শতাংশ জায়গার ওপর উপজেলা প্রশাসন গড়ে তুলেছে ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ নামের একটি পার্ক।
গত ১২ অক্টোবর রাতে পার্কটির উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের আগেই এখানে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়। উদ্বোধনের পর থেকে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসছেন। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ছুটির দিনে দর্শনার্থীদের সমাগম বেশি হয়। কারণ, রায়পুর শহরে গত ৫৩ বছরে কোনও বিনোদনকেন্দ্র গড়ে ওঠেনি। ফলে স্থানীয় লোকজন ছুটে যাচ্ছেন প্রতিদিন। আসছেন বিভিন্ন স্থানের দর্শনার্থীরাও।
ছোট পরিসরের এই পার্কে রয়েছে হাঁটার জন্য ওয়াকওয়ে, বসার বেঞ্চ ও শিশুদের জন্য দোলনা। পার্কের ভেতরে থাকা একটি বটগাছও বিশেষভাবে নজর কাড়ে। গাছটির গোড়া পাথর দিয়ে সাজানো হয়েছে। সবুজ গাছপালা, পরিচ্ছন্ন পরিবেশ আর মেঘনা নদীর নৈসর্গিক সৌন্দর্য মিলিয়ে পার্কটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের অবসর কাটানোর আকর্ষণীয় জায়গা।
পার্কটির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের একটি কমিটি। তাদের সহযোগিতায় রয়েছেন গ্রাম পুলিশের সদস্যরাও। পার্কে প্রবেশের জন্য কোনও ফি দিতে হয় না। সবার জন্য উন্মুক্ত এই পার্কে বিনামূল্যে ঘুরে বেড়ানো যায়। প্রতিদিন সকাল থেকে রাত ১টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। পার্কের বাইরে রয়েছে শৌচাগারের ব্যবস্থাও।
বেড়ানোর সঙ্গে মেঘনার ইলিশের স্বাদ
পার্কের এক পাশেই সাজু মোল্লার ঘাট। সেখানে রয়েছে নানা পণ্যের দোকান ও ইলিশের রেস্তোরাঁ। এসব রেস্তোরাঁয় পাওয়া যায় মেঘনার ইলিশ ভাজা, ইলিশের ভর্তাসহ বিভিন্ন ধরনের ভর্তা এবং নদীর নানা প্রজাতির মাছ। ফলে নদীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা স্বাদ নিতে পারছেন তাজা মাছের।
সন্ধ্যায় পার্কের আলো জ্বলে উঠলে তৈরি হয় আরেক মোহনীয় পরিবেশ। সরু হাঁটাপথের পাশে সারি সারি বাতি, ফুলের বাগান আর নদীর হাওয়া—সব মিলিয়ে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর দারুণ জায়গা হয়ে উঠেছে এটি।
স্থানীয় বাসিন্দাদের বেশির ভাগই জেলে। ইউনিয়নটির অন্তত ৪০ শতাংশ মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অন্যদের বড় অংশ কৃষি ও দিনমজুরির ওপর নির্ভরশীল। প্রত্যন্ত এই এলাকায় অবসর কাটানো কিংবা পরিবারের সদস্যদের নিয়ে ঘোরাঘুরির জন্য এত দিন কোনও বিনোদনকেন্দ্র ছিল না। নতুন এই পার্ক সেই অভাব কিছুটা হলেও পূরণ করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসেন রায়পুর উপজেলার নতুনবাজার এলাকার বাসিন্দা পূজা রানী। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণের একদিকে মেঘনা নদী, অন্যদিকে মেঘনার সংযোগ নদী। পার্কে বসে মেঘনার বুকে সূর্য ডুবে যাওয়ার অপূর্ব দৃশ্য দেখা যায়। চারপাশের দৃশ্য ভীষণ সুন্দর। রায়পুর শহরে এমন একটি পার্ক ডাকাতিয়া নদীর দুই পাশে করতে পারলে সুন্দর হতো। মানুষ নদীর পাড়ে কম আসতো।’
সাজু মোল্লার ঘাট এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী মমিন উল্লাহ বলেন, ‘এই জায়গাটি গত বছরগুলোতে অবহেলিত ও জঙ্গলে ভরপুর ছিল। সদ্য বিদায়ী ইউএনও মেহেদী হাসান কাউছারের উদ্যোগে জায়গাটি আলোকিত হয়েছে। কয়েক মাস ধরে মেঘনার তাজা ইলিশ ভাজা, ইলিশের ভর্তাসহ নদীর নানা ধরনের মাছের স্বাদ নিতে প্রতিদিন হাজারো মানুষ এখানে আসছেন।’
তিনি বলেন, ‘নদীর তাজা মাছের স্বাদ আর মেঘনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা মানুষের কারণে আমাদের বেচাকেনাও ভালো হচ্ছে। এতে স্থানীয়ভাবে আয় বাড়ছে, পাশাপাশি পার্ককেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।’
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পার্কটির মূল লক্ষ্য শুধু বিনোদনের ব্যবস্থা করা নয়, মানুষকে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাও। মেঘনার অপার সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীরা যেন জায়গাটির পরিচ্ছন্নতা ও সবুজ পরিবেশ বজায় রাখেন, সে আহ্বান জানিয়েছে প্রশাসন। এ জন্য ময়লা-আবর্জনা না ফেলার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেই ভাবনা থেকেই পার্কটির নাম রাখা হয়েছে ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’।
সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ‘সাজানো-পরিচ্ছন্ন ও সবুজ এই ছোট্ট প্রাঙ্গণ দেখে আমাদের সন্তানেরা আগামী দিনের পরিচ্ছন্ন রায়পুর তথা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার দীক্ষা গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, রায়পুরের এই পরিচ্ছন্ন প্রাঙ্গণের সুবাস ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে।’