পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় ১২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফ মডেল থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি সাইফুল ইসলাম।

ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনায় ১২৩ জনকে এজাহারভুক্ত এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় কিছু লোকজন জড়ো হতে থাকেন। সেখানে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

একপর্যায়ে এক পুলিশ সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়। এতে পুলিশের এসআই জাফর ও বিজিবির এক সদস্য আহত হন। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।