সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তের ভারতীয় অংশ থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ময়নাতদন্তে রাজি নন নিহতের স্বজনেরা। এ নিয়ে প্রশাসন ও পরিবারের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখা দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ফেনীরকুল সীমান্তসংলগ্ন ভারতের সাবরুমের ঢোলবাড়ি এলাকায় মরদেহটি দেখতে পান স্বজন ও স্থানীয়রা। পরে তারা মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন। অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের মৃত মং মং মারমার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘাস কাটতে ফেনীরকুল এলাকায় ফেনী নদীর তীরে যান অংথৈইপ্রু মারমা। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে সীমান্তের ওপারে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামগড় থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা। রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতের কারণ কিংবা মৃত্যুর প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদরে পাঠানোর কথা রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক বলেন, তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য মরদেহটি রামগড় থানায় নেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতারা থানায় গিয়ে ময়নাতদন্ত না করার অনুরোধ জানান।

নিহতের ছেলে থৈঅংগ্য মারমা বলেন, তার বাবার মরদেহের ময়নাতদন্ত করাতে চান না তারা। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনও অভিযোগও নেই। তাদের ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু। বাবার মরদেহ কাটাছেঁড়া না করে পারিবারিক ও সামাজিক রীতি মেনে সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়নাতদন্তের বিষয়ে প্রশাসন ও পরিবারের মধ্যে কোনও সিদ্ধান্ত হয়নি। মরদেহটি রামগড় থানায় রয়েছে।