গ্রেফতার এসপির দায় এড়ালো পুলিশ, যা বললেন সিএমপি কমিশনার

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী।

রবিবার (১৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনা অভিযোগ তার ব্যক্তিগত দায়ের বিষয়। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

মামলাটির তদন্ত করবে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) বলে জানান হাসান শওকত আলী। তিনি বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়।

পরে আরআরএফের এএসপি আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর রাতে এসআরইউ, কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।