কড়া নিরাপত্তায় আদালতে হাজির এসপি জাহাঙ্গীর, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার পর রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

এর আগে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়েছিল। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।