স্বামী ও দেড় বছর বয়সী মেয়েকে নিয়ে মেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন রেশমী আক্তার (২৫)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তার স্বামী দেলোয়ার (৩১)। হাসপাতালে নেওয়ার পর মারা যায় তাদের শিশুকন্যা ওয়াসিফা জান্নাত। গুরুতর আহত রেশমী মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন।
রবিবার (১৫ নভেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেশমী। পরে দুপুর দুইটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ গ্রামে স্বামী ও মেয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শুরুর দিকে রেশমী ও দেলোয়ারের বিয়ে হয়। দেলোয়ার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গত ২৩ অক্টোবর রাতে স্বামী ও মেয়েকে নিয়ে অটোরিকশায় কেরানীহাট স্টেশনে আয়োজিত একটি উদ্যোক্তা মেলায় যাচ্ছিলেন রেশমী।
পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশাটির সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার। গুরুতর আহত রেশমীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে মারা যায় দম্পতির দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাতও।
রেশমীর শ্বশুর আবদুস সাত্তার বলেন, দুর্ঘটনার রাতে মুঠোফোনে প্রথমে ছেলের মৃত্যুর খবর পান তারা। সেখানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রায় ২০ মিনিট পর আবার ফোন আসে। এবার জানানো হয়, নাতনিও বেঁচে নেই। পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করানো হলে তারা আশা করেছিলেন, অন্তত তাকে বাঁচানো যাবে।
তিনি আরও বলেন, এভাবে ছেলে, নাতনি ও বউমাকে ফেলে আমরা কীভাবে থাকবো।
কালিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুর রহমান বলেন, একটি দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী ও সন্তানকে হারানোর পরও রেশমী বেঁচে থাকার জন্য দীর্ঘদিন লড়াই করেছেন। তাকে বাঁচাতে পরিবারের সদস্যরা অনেক অর্থ ব্যয় করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকেও বাঁচানো সম্ভব হয়নি।