জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর প্রধানের সেকেন্ড ইন কমান্ড ‘জামাই ইয়াসিন’সহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের বিরুদ্ধে র‍্যাব (বর্তমান এসআরবি) সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতাররা হলেন- ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ দল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতভর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের মোবাইল ফোন ও ডিজিটাল আলামত পর্যালোচনা করে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর জন্য ব্যবহৃত ৩৯টি ফেসবুক আইডি ও পেজের তথ্য পেয়েছে পুলিশ। এসব আইডি ও পেজ ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পোস্ট বুস্ট করার মাধ্যমে জনমনে প্রশাসনবিরোধী মনোভাব তৈরির চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আব্দুর শুক্কুর ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড, জমি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থাপনা এবং অন্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

গ্রেফতার মেহেদী হোসেন ও সাকিবুল হাসান আপন ভাই এবং ইয়াসিনের বোনের ছেলে। তারা ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামে ফেসবুক পেজ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে। অপর গ্রেফতার আনোয়ার হোসেনও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রচারণায় তিনি জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। পারভেজ মোশারফ ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করতেন। ফেসবুক পেজ ও আইডির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, সরকারি সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উসকানিমূলক তথ্য প্রচার করা হতো।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এসব ডিভাইসের মাধ্যমে পরিচালিত ফেসবুক আইডি ও পেজ, পারস্পরিক যোগাযোগ, প্রচারণার অর্থায়ন এবং অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

মোবাইল ফোন ও ডিজিটাল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনা করে মোট ৩৯টি ফেসবুক আইডি ও পেজের তথ্য পেয়েছে পুলিশ। এসব আইডি ও পেজের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, মিথ্যা তথ্য ও অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা সরকারি সিদ্ধান্ত ও আইনি কার্যক্রমের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা বরদাশত করা হবে না। কোনও অপরাধী গোষ্ঠী অপপ্রচারকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রের আইনি কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাইলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।