আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির মূল্যবান মালামাল লুট করে নেওয়ার পর তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাড়িতে থাকা রহিম উল্লাহর ভগ্নীপতি রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষে এবং সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে রফিকুল ইসলাম ছাড়া পরিবারের অন্য কেউ ছিলেন না।

সোনাগাজী মডেল থানা ওসি আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।