রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারি বাহিনীর চালানো নিপীড়নের ঘটনায় দেশটিকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মিয়ানমারের ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। এই রায়ের পর বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা শিবিরে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা রায়ের বাস্তবায়নের পাশাপাশি নিজ দেশে ফেরার আশা প্রকাশ করেছেন। তবে প্রশ্ন আছে, এই রায়ের পর রোহিঙ্গাদের প্রত্যাবাসানের পথ কতটা সহজ হলো?
এই রায়ের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার ক্যাম্প পরিদর্শনে গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে তিনি রোহিঙ্গাদের জন্য ‘আরও ভালো খবর নিয়ে ফেরার’ অঙ্গীকার করেছেন। এই ভালো খবর বলতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকেই ইঙ্গিত করেছেন।
এদিকে, খলিলুর রহমানের ক্যাম্পে আগমন ঘিরে রোহিঙ্গাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। নেতারা বলছেন, দীর্ঘদিনের ন্যায়বিচারের অপেক্ষায় এই রায় নতুন আশার সঞ্চার করেছে। তবে সেই আশাকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তবে রোহিঙ্গাদের এই আশাকেই ড. খলিলুর রহমান প্রাধান্য দিলেন। বললেন, ‘ভয় পাওয়ার কিছু নেই, পুরো বিশ্ব আজ আপনাদের পাশে রয়েছে। আমি আপনাদের মাঝে আরও ভালো খবর নিয়ে ফিরে আসবো।’
সকাল ৮টা ৫৬ মিনিটে ক্যাম্পের ফুটবল মাঠে পৌঁছে প্রথমে সমাবেশে অংশ নেন। সেখানে বাংলায় প্রায় এক মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর বিশ্ববাসীর উদ্দেশে ইংরেজিতে লিখিত বক্তব্য পাঠ করেন। প্রায় ১৭ মিনিটের বক্তব্যে রোহিঙ্গা সংকট, আইসিজের ঐতিহাসিক রায় এবং এর বাস্তবায়নে মিয়ানমারের দায়িত্ব তুলে ধরেন তিনি।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় রোহিঙ্গারাও নিজেদের প্রত্যাবাসন ও অধিকার নিশ্চিত করার দাবি জানান। তার বক্তব্যগুলো রোহিঙ্গা ভাষায় অনুবাদ করে শোনান এক রোহিঙ্গা যুবক। সব মিলিয়ে প্রায় এক ঘণ্টা ক্যাম্পে অবস্থান শেষে সকাল ১০টার দিকে ক্যাম্প ত্যাগ করেন ড. খলিলুর রহমান।
খলিলুর রহমান বলেন, ‘আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা। রোহিঙ্গাদের নিজস্ব আবাসভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের চূড়ান্ত রায় বাস্তবায়নে দেশটিকে বাধ্যবাধকতা মেনে চলতে হবে। রায় বাস্তবায়ন না করলে মিয়ানমারকে এর পরিণতি ভোগ করতে হবে।’
তিনি বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় এর পরিণতি ভোগ করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গাদের নিজস্ব আবাসভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করতে হবে। আদালতের এ সিদ্ধান্ত বাধ্যতামূলক। তাই রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। আমরাও সে লক্ষ্যে কাজ করবো। এটি আন্তর্জাতিক আদালতের চূড়ান্ত রায়। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।’
তবে রাখাইনে রোহিঙ্গাদের বিতাড়িত বসতিগুলো আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। তারাও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিপক্ষে। এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন আরও জটিল পরিস্থিতিতে রূপ নিয়েছেন। তবে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংকট সমাধানের ইঙ্গিত দিলেন ড. খলিল।
খলিলুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুর ওপর নির্যাতন এবং গ্রামের পর গ্রাম ধ্বংসের বিষয় উঠে এসেছে। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষের মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে। আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। এই রায় আপনাদের কণ্ঠস্বর বহন করছে।’
আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে গণহত্যা সনদের আওতায় অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, প্রয়োজন অনুযায়ী বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন ড. খলিলুর রহমান। একই সঙ্গে জাতীয় আইন সংশোধন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বললেন।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির পাশাপাশি বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন, হারানো বাড়িঘর ও জমি পুনরুদ্ধার কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও বলেন। তিনি বলেন, ‘আপনারা বারবার বলেছেন, আপনারা নিজ দেশে ফিরে যেতে চান। কিন্তু প্রত্যাবাসনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। কাউকে বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না।’
গণহত্যায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ব্যক্তি ও সম্প্রদায়গতভাবে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী, দুই বছরের মধ্যে পুনরুদ্ধারমূলক পদক্ষেপ এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও ব্যবস্থা সম্পর্কে মিয়ানমারকে প্রতিবেদন দিতে হবে।’
নিরাপদ প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। রোহিঙ্গা শিশুদের খাদ্য ও শিক্ষা এবং পরিবারগুলোর চিকিৎসা, আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সহায়তার অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সদস্য দেশগুলোর সামনেও বিষয়টি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
তবে রোহিঙ্গা নেতাদের প্রত্যাশা, আইসিজের ঐতিহাসিক রায় কেবল আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা কিংবা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করে রায় বাস্তবায়ন এবং নিজ দেশে ফেরার পথ তৈরি করা হবে।
ক্যাম্পভিত্তিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহাংয়ের (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, ‘রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা সরাসরি শোনার জন্য আমরা ড. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞ। আমরা শরণার্থীশিবিরে অনির্দিষ্টকাল থাকতে চাই না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চাই। তিনি আমাদের কথাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে আশা করছি। বিশ্বের কাছে আমাদের প্রত্যাশা, নিজ দেশে দ্রুত ফিরতে তারা জোরালোভাবে সহযোগিতা করবে।’
উখিয়ার রোহিঙ্গা যুব অধিকারকর্মী মুজিবুর রহমান বলেন, ‘আমরা বহু বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আইসিজের রায় আমাদের জন্য আশার জায়গা তৈরি করেছে। কিন্তু শুধু রায় হলে হবে না, যারা আমাদের ওপর নির্যাতন করেছে, তাদের জবাবদিহির আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আমাদের মা-বাবা ও ভাই-বোনদের হত্যাকারীদের বিচার হয়।’
ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘বাংলাদেশে আশ্রয় পেয়ে আমরা কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ ছেড়ে কেউ অন্য দেশে থাকতে চায় না। মিয়ানমারে ফিরে যাওয়ার আগে আমাদের নিরাপত্তা, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মহলের কাছে আমাদের প্রত্যাশা, অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে তারা সহযোগিতা করবে।’
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবিকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী করতে পারে। রায়ে মিয়ানমারে তাদের ঐতিহাসিক বসবাসের বিষয়টি স্বীকৃতি পেয়ে বহিরাগত হিসেবে উপস্থাপনের দেশটির অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে রায়ের পরপরই প্রত্যাবাসন শুরুর সম্ভাবনা কম। বরং আন্তর্জাতিক সমর্থন বাড়ানো ও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা জরুরি।’