রোগী এলেই টানাটানি, দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসেন ৪০০ থেকে ৫০০ রোগী। ৫০ শয্যার এই সরকারি হাসপাতালটিতে রোগীদের ভিড় থাকলেও চিকিৎসাসেবা নিতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। অভিযোগ রয়েছে, হাসপাতাল ঘিরে সক্রিয় রয়েছে অর্ধশতাধিক দালাল। জরুরি বিভাগ ও বহির্বিভাগের প্রবেশপথে অবস্থান নিয়ে তারা রোগীদের নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রাম থেকে আসা সহজ-সরল রোগী ও তাদের স্বজনেরা এসব দালালের প্রধান লক্ষ্য।

রোগীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ দালাল চক্র সরকারি হাসপাতালটিকে কার্যত জিম্মি করে রেখেছে। এই চক্রের সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং হাসপাতালের কিছু কর্মচারীর যোগসাজশ রয়েছে। অভিযোগ রয়েছে, হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারীও এই চক্রকে সহযোগিতা করেন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নজরদারি বৃদ্ধি এবং ১০ জন আনসার সদস্যের সহযোগিতায় আগের তুলনায় দালালদের তৎপরতা কমেছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনেরা জানান, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক দালাল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে ঘোরাফেরা করেন। সুযোগ বুঝে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যান তারা। এ ক্ষেত্রে গ্রামের সহজ-সরল রোগীদের সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে নেতিবাচক কথা বলে আতঙ্কিত করা হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার কথা বলে তাদের বেসরকারি প্রতিষ্ঠানে যেতে উৎসাহিত করা হয়।

স্থানীয়দের ভাষ্য, ৮ থেকে ১০ জনের একেকটি দলে ভাগ হয়ে দালাল চক্রের সদস্যরা কাজ করেন। দিনে কয়েক দফা তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে হাত-পা ভাঙাসহ নানা রোগে আক্রান্ত রোগীদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হবে না এমন ধারণা দিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসা ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন পান দালালরা। এ চক্রের সঙ্গে হাসপাতালের কিছু কর্মচারী ও নার্সের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং কারও কারও যোগসাজশের কারণে দালালদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। নিয়মিত চিকিৎসকের পরিদর্শনের অভাব ও দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার প্রবণতাকেও এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালালবিরোধী অভিযান বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চোখে পড়েনি। নিয়মিত অভিযান চালিয়ে দালালদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হলে রোগীরা হয়রানি থেকে রক্ষা পেতেন।

হাসপাতালের দোতলার ১২ নম্বর শয্যায় চিকিৎসাধীন চরমোহনা এলাকার বাসিন্দা মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় হাত ও মাথায় আঘাত পেয়েছেন। তিনি বলেন, ছয় দিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আজ ঢাকার একটি হাসপাতালে চলে যাচ্ছি। এখানকার চিকিৎসায় তেমন উন্নতি দেখছি না। অনেকে আমাকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অর্থাভাবে এত দিন যেতে পারিনি। পরে জেনেছি, যারা পরামর্শ দিয়েছেন, তাদের কেউ কেউ দালাল চক্রের সদস্য।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগ, কেবিন, ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, অপারেশন থিয়েটার (ওটি) থেকে শুরু করে বহির্বিভাগ পর্যন্ত দালাল চক্রের সদস্যদের তৎপরতা রয়েছে। তাদের দৌরাত্ম্যে চিকিৎসকেরাও অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বলে অভিযোগ রয়েছে। উন্নত চিকিৎসার কথা বলে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে। এতে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা।

এ বিষয়ে রায়পুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং রোগী ও তাদের স্বজনদের হয়রানি থেকে রক্ষায় প্রশাসন কাজ করছে। সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্নভাবে আশপাশের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেকোনও সময় সরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হবে।

অন্যদিকে, হাসপাতালের চিকিৎসকদের একটি অংশের বিরুদ্ধেও দালাল চক্রকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিজেদের মালিকানাধীন বা অংশীদারত্ব থাকা বেসরকারি প্রতিষ্ঠানে রোগী পাঠাতে কেউ কেউ দালালদের সহায়তা করেন। হাসপাতালের কিছু কর্মচারীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমা নুসরাত জাবিন মুঠোফোনে বলেন, দালালদের বিষয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি তখন নোয়াখালী সদরে নিজের বাসায় অবস্থান করছেন জানিয়ে রায়পুরে ফিরলে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

চিকিৎসক ও জনবলসংকটে ব্যাহত সেবা

প্রায় চার লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক ও জনবলসংকটে হাসপাতালটির সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একজন শিশু বিশেষজ্ঞসহ মাত্র আটজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। সম্প্রতি আটজন চিকিৎসক প্রেষণে অন্যত্র দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং চারজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। ফলে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা আরও সংকুচিত হয়েছে।

হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিন এক মাস ধরে এবং আলট্রাসনোগ্রাফি মেশিন প্রায় দুই বছর ধরে বিকল। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি শনিবার একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে। হাসপাতালে ৩২ জন নার্সের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৮ জন। এ ছাড়া উপজেলার ২৮টি কমিউনিটি ক্লিনিক ও চারটি উপস্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসক ও জনবলসংকট রয়েছে।

২০২৩ সালে হাসপাতালের ভেতরে চারজন চিকিৎসকের অংশগ্রহণে ৩০০ টাকা ফি নিয়ে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছিল। তবে চালুর পর থেকে কয়েক বছর পেরিয়ে গেলেও বর্তমানে সেই কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালটিতে ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদও শূন্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সব মিলিয়ে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের সংকট, যন্ত্রপাতি বিকল থাকা এবং দালালদের দৌরাত্ম্যে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা নিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।