ফেনীর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রবিবার (২২ নভেম্বর) বিকালে হেলিকপ্টারযোগে আখাউড়া পৌঁছে ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবির মহাপরিচালক বলেন, ‘ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
বিজিবির মহাপরিচালক আরও বলেন, ‘সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালন প্রতিরোধ, একই সঙ্গে অবৈধ পথে কোনও ব্যক্তি যেন যাতায়াত না করতে পারে, এদিক থেকে ওই দিকে যেতে না পারে, ওই দিক থেকে এদিকে আসতে না পারে—সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির।’
বিজিবির মহাপরিচালক আরও বলেন, ‘তারই অংশ হিসেবে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে কোনও ধরনের অবৈধ ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, বিতর্কিত কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একই সঙ্গে আবার এদিক থেকে কেউ যেতে না পারে। পুশইন যেন ঠেকানো যায়, মাদক ঠেকানো যায়, কোনও অস্ত্র-বিস্ফোরক এগুলো যেন না আসতে পারে।’
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘এজন্য আজকে আমি ফেনী, কুমিল্লা এবং এই আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। আমাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে, যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি। সরকারের যে নির্দেশনা, সেটা পালন করতে পারি, দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারি। সে জন্যই আমাদের এই সীমান্তের নিরাপত্তা যাতে শতভাগ নিশ্চিত করা যায়, সেটা করার জন্যই, সেটা দেখার জন্য সরেজমিনে আজকে এখানে আসা।’
স্থানীয়দের সহযোগিতা চেয়ে বিজিবির মহাপরিচালক বলেন, ‘আপনারা স্থানীয় যারা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনও তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদের জানাবেন। বিজিবিকে জানালে সেটা আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে যাতে বন্ধ করা যায়, সেটা নিশ্চিত করতে পারবো।’
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ প্রমুখ।