রিভলবার ও গুলিসহ এক রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, একটি খালি খোসা ও চাবুকসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি ক্যাম্প-১৭-জোরহমান এর ছেলে জাবেদ হোসেন (২৭)। 

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালায়। এ সময় জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।