চট্টগ্রাম জেলা ও নগর পুলিশের তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। তাকে গ্রেফতারে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অথচ সেই সন্ত্রাসী এবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজরী সার্কেল) কাজী মো. তারেক আজিজকে ফোন করেছেন। কথা বলেছেন প্রায় ১০ মিনিট। সেই কথোপকোথন আবার নিজের ফেসবুকে আপলোড দিয়েছেন রায়হান।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজের প্রশংসা করে রায়হান লিখেছেন, ‘স্যার কিন্তু ভালো মনের মানুষ, ওনার সঙ্গে কথা বলে একটু ভালো লাগছে। দেখা যাক ওনার হাত ধরে ভেতরে গিয়ে ভালো হয়ে যাবো।’
রায়হানের সঙ্গে ফোনে আলাপ হওয়ার কথা জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, ‘গত দুই দিন তাকে ধরতে ফটিকছড়িতে যখন আমাদের অভিযান চলেছে, এর মধ্যে গতকাল (মঙ্গলবার) ভোরে সে আমাকে ফোন করেছিল। আমিও কৌশল অবলম্বন করে তার সঙ্গে কথা বলেছি।’
প্রায় ১০ মিনিটের কথোপকথনের এ অডিওতে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ রায়হানকে আত্মসমর্পণ করে ভালো হওয়ার পরামর্শ দেন।
জবাবে রায়হান বলেন, ‘আচ্ছা, আচ্ছা, ঠিক আছে- আমি চিন্তা করে দেখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমিও চাই। ভালো হয়ে যাবো। একটু সময় লাগতেছে ‘‘আত্মসমর্পণ করবো ভাই, আমার ইচ্ছা আছে আত্মসমর্পণ করার, কিন্তু মাঝখানে আমি আত্মসমর্পণ করতে চাইছিলাম। কিন্তু ওই মাসুদ স্যারের সঙ্গে কথা বলছিলাম যেটা লিক হয়ে গেছে। পরে ভাই আমার থেকে আর্মস টার্সন নিয়ে ফেলেছিল’’।’
এ সময় রায়হানকে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ‘আপনি যতদিন বাইরে থাকবেন, আপনার কষ্ট হবে। আপনি আসেন, আপনি আত্মসমর্পণ করেন।’
জবাবে রায়হান বলেন, ‘প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট।’ পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ‘এ জন্য বললাম আপনি আসেন, আপনি আত্মসমর্পণ করেন।’
রায়হান বলেন, ‘এখন ঢুকলে ভাই বাইরে তো আর হমু না তো আট-দশ বছর, আমারে বাইর হতে দেবে না কেউ। বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে তারাও মামলা দেবে।’
পুলিশ কর্মকর্তা তারেক বলেন, ‘ভালো থাকবেন ভালো থাকবেন’
তখন রায়হান বলেন, ‘ইনশাল্লাহ ভাই দোয়া করেন, আমি ভবিষ্যতে আত্মসমর্পণ করবো।’
তারেক আজিজ বলেন, ‘এই জীবন আসলে কোনও জীবন না।’
জবাবে রায়হান বলেন, ‘না না ভাই আমি এ পথের নাকি, এ লাইনের নাকি ভাই?...আমি সিগারেট খাই না জানেন না? আপনাদেরতো খবর আছে।’
এ সময় রায়হানকে সোমবার রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁও হাটে গুলিতে আহত পথচারীদেরও খবর নিতে শোনা যায়।
রায়হান পুলিশ কর্মকর্তা তারেক আজিজের কাছে জানতে চান, ‘লোক যেগুলো গুলি খাইছে, এরে কি ক্ষতি হয়েছে বেশি?’
তখন তারেক আজিজ বলেন, ‘ক্ষতিতো হয়েছে।’
রায়হান বলেন, ‘এদের কি দরকার রাস্তার ওপর পড়ার! আমি বুঝলাম না। কী হয়েছে আমি নিজেও জানি না, কীভাবে কেমনে কী হলো।’
এ সময় আত্মসমর্পণের অনুরোধ করে তারেক আজিজ বলেন, ‘আজকে যদি আত্মসমর্পণ করে যতটুকুর সঙ্গে জড়িত ততটুকু আমরা...।’
রায়হান বলেন, ‘এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাব বলছে, আমাদের যেকোনও একটা ভাইয়াকে স্যারেন্ডার করতে।’
বারবার অনুরোধের একপর্যায়ে রায়হান বলেন, ‘ভাই নাশতা করার ইচ্ছা আছে আপনাদের সঙ্গে একসময়। যদি স্বাভাবিক হই, আপনাদের সঙ্গে এক টেবিলে বসে নাশতা করবো। ঠিক আছে ভাই ভালো থাকিয়েন, যাক কষ্ট করছেন।’
এ সময় তারেক আজিজ বলেন, ‘আপনারে কথা দিলাম, আজকে যদি আপনি আত্মসমর্পণ করেন, আপনার যে ঘটনাগুলো আছে তার বাইরে কোনও মামলা হবে না। আপনাকে কথা দিলাম।’
রায়হান বলেন, ‘ইনশাল্লাহ ভাই, দেখা যাক করবো। তবে ভাই আমাকে দিয়ে তো গরিব লোকের বা অসহায়দের কোনও ক্ষতি হচ্ছে না, আমারে কেন নিয়া লাগছেন সবাই?’
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ‘আজকে তিনটা লোক শুধু শুধু গুলি খাইলো না?’
তখন রায়হান বলেন, ‘এরা কেন আমার রাস্তা আটকাইছে? আমি তো গেছি মাজারে জিয়ারত করতে। তাইলে এরা কেন আমার আগে পরে?’
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান।