ভারত থেকে দেশে ফেরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লায় যুবদলের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।
বহিষ্কৃত ওই যুবদল কর্মীর নাম আজহারুল ইসলাম। তিনি নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিতেন। তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সূত্রে জানা গেছে, আজহারুল সংগঠনের একজন কর্মী মাত্র; তার কোনও সাংগঠনিক পদ নেই।
আজহারুলের বাড়িতে আশ্রয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজহারুলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন। সেখান থেকে দেশে ফিরে যুবদল কর্মী আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন তিনি। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়ি থেকে মোশাররফকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এদিকে জানা গেছে, আজহারুল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আপন খালাতো ভাই। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, আবুল কালামের সঙ্গে আত্মীয়তার সূত্র ধরেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আজহারুল।