চকরিয়ায় ১২ ইউপির ১১১ কেন্দ্রে ভোট চলছে

কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২ ইউপিতে ভোট গ্রহণ চলছে। ১১১টি ভোট কেন্দ্রের সবকটাতেই শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টায় ভোট শেষ হবে।

১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৮৪১ জন। এর মধ্যে ৭৮ হাজার ৯৯৫ জন পুরুষ ও ৭৪ হাজার ৮৪৬ জন নারী ভোটার।

এই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০ প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগের মনোনীত ১২ জন, বিএনপি মনোনীত ১১ জন, জাতীয় পাটির(এরশাদ) তিনজন, জাতীয় পার্টির (জেপি) একজন ও স্বতন্ত্র প্রার্থী ২৩ জন। এছাড়া এই ১২টি ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে ১৩৪ জন ও সাধারণ ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ৪২৪ জন প্রার্থী রয়েছেন।

১২ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১১টি।

চিরিঙ্গা, বরইতলী, কৈয়ারবিল, ফাসিয়াখালী, ডুলাহাজারা, বমুবিলছড়ি, সুরাজপুর-মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর, সাহারবিল, হারবাং ও খুটাখালী ইউনিয়ন পরিষদে ৬ জন রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের দায়িত্ব পালন করছেন ১১০ জন প্রিজাডিং কর্মকর্তা, ৪২৩ জন সহকারী প্রিজাডিং কর্মকর্তা ও ৮৪৬ জন পোলিং কর্মকর্তা।

আরও পড়ুন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলাকেটে খুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ১১১টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা। এছাড়া মাঠে রয়েছে আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় তিন হাজার সদস্য।

প্রতি ভোটকেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার অধীনে পাঁচ পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন চারজন সশস্ত্র আনসার। এছাড়া মাঠ টহলরত আছে ১৯০ সদস্যের ৬ প্লাটুন বিজিবি সদস্য ও ৪৫ জনের চারটি র‌্যাব টিম।

ভোটকেন্দ্র এলাকায় পুলিশের ১২টি স্ট্রাইকিং ফোর্স ও ৩৬টি মোবাইল টিম রয়েছে। একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে প্রতিটি স্টাইকিং ফোর্সে ৫ জন করে সদস্য নিয়োজিত আছেন।

প্রতিটি মোবাইল টিমে একজন উপ-পরিদর্শক (এসআই) এর নেতৃত্বে ৬ জন করে পুলিশ সদস্য এবং নির্বাচন সমন্বয়ে ৬ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছয়টি বিশেষ টিম তৎপর আছে। প্রত্যেক টিমে একজন সহকারী পুলিশ সুপারের সঙ্গে আছেন পুলিশের পাঁচজন করে সদস্য।

আরও পড়ুন- নিয়ামতপুরে ৮টি ইউনিয়নে ৯০টি কেন্দ্রের ৪০টি ঝুঁকিপূর্ণ

নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ১২ ইউপির ভোটারের মধ্যে মধ্যে ডুলাহাজারা ইউনিয়নে ১২ হাজার ৩০২ জন পুরুষ ও ১১ হাজার ৩৫৪ জন নারী ভোটার। কাকারা ইউনিয়নে ৬ হাজার ৮৮১ জন পুরুষ ও ৬ হাজার ৪০৫ জন নারী ভোটার। বরইতলী ৯ হাজার ৬৫১ জন পুরুষ ও ৯ হাজার ৮৩৬ জন নারী ভোটার। কৈয়ারবিল ইউনিয়নে ৬ হাজার ২৬২ জন পুরুষ ও ৫ হাজার ৯২১ জন নারী ভোটার। হারবাং ইউনিয়নে ৯ হাজার ৩৬১ জন পুরুষ ও ৯ হাজার ১৮৭ জন নারী ভোটার। খুটাখালী ইউনিয়নে ৯ হাজার ৫৪৫ জন পুরুষ ও ৮ হাজার ৮৬৯ জন নারী ভোটার। সাহারবিল ইউনিয়নে ৩ হাজার ৯৪৮ জন পুরুষ ও ৩ হাজার ৩৯০ জন নারী ভোটার। চিরিঙ্গা ইউনিয়নে ৪ হাজার ৭৪৬ জন পুরুষ ও ৪ হাজার ২৬৯ জন নারী ভোটার। ফাসিয়াখালী ইউনিয়নে ৭ হাজার ৪৫৩ জন পুরুষ ও ৬ হাজার ৯০৯ জন নারী ভোটার। সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ৩ হাজার ৮৫২ জন পুরুষ ও ৩ হাজার ৭২১ জন নারী ভোটার। বমুবিলছড়ি ইউনিয়নে ২ হাজার ২৪৫ জন পুরুষ ও ২ হাজার ৪৪৩ জন নারী ভোটার এবং লক্ষ্যারচর ইউনিয়নে ২ হাজার ৭৪৯ জন পুরুষ ও ২ হাজার ৫৪২ জন নারী ভোটার।

 

/এফএস/এএইচ/