২৫ এপ্রিল আধাবেলা হরতালের সমর্থনে কুমিল্লায় মানববন্ধন

তনু হত্যাকাণ্ড

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে ২৫ এপ্রিল সারাদেশে ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে কুমিল্লায় মানববন্ধন ও মশাল মিছিল হয়েছে। প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য এই হরতাল আহ্বান করেছে।

রবিবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন শেষে সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে পূবালী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দ্বিতীয় ময়নাতদন্ত নিয়ে তালবাহানা জনগণ সহ্য করবে না। দ্রুত দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট দিয়ে খুনিদের নাম প্রকাশ করতে হবে। সোমবারের হরতাল মানুষের অধিকার আদায়ের জন্য। বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।

প্রগতিশীল ছাত্র জোট কুমিল্লা জেলা সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা শাখা, প্রতিবাদী ছাত্র শিক্ষক জনতার ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের যুগ্ম সম্পাদক আবু সাঈদ, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক সুজন চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফারজানা ফারিয়া প্রমুখ।

এসময় বক্তারা স্বতস্ফূর্তভাবে হরতাল পালনের জন্য সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

/এনএস/টিএন/

আরও পড়তে পারেন:

নতুন ছবিটা আর বানানো হলো না অধ্যাপক রেজাউলের