বিদ্রোহী প্রার্থীকে কুপিয়ে জখম

মানিকগঞ্জ

নির্বাচন থেকে সরে না দাড়াঁনোয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল হককে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। হামলাকারীদের লোহার রডের আঘাতে প্রার্থীর বাবা, স্ত্রী, দুই ভাইসহ পরিবারে অন্তত ১০ সদস্য আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার সময় ওবায়দুরের বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। ডাকাত পড়ছে ভেবে শতশত গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা গাড়ি নেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গাড়িটি খাদে পরে যায়। এসময় গ্রামবাসী গাড়িতে থাকা মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আফছার উদ্দিন (৫৬), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল (৫২), আবুল হোসেন (৬৩) ও গাড়ির  চালক মানিককে (৪৮) গণধোলাই দেন।

এই চারজনের মধ্যে আফছার উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার পর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, দুপক্ষ একে অপরকে দায়ী করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/