উপমহাদেশের সনাতন সম্প্রদায়ের অন্যতম আধ্যাত্মিক গুরু হিসেবে খ্যাত সাধক পুরুষ লোকনাথের ১২৬ তম তিরোধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদীতে অবস্থিত ব্রহ্মচারী মন্দিরে পাঁচ দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।
‘মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম’ এ বাক্য অন্তরে লালন করে মানবজাতির কল্যাণে কাজ করে দীর্ঘ ২৬ বছর সোনারগাঁওয়ের বারদী এলাকায় অবস্থান করেন মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী। ১৬০ বৎসর বয়সে ১৯ জৈষ্ঠ্য তারিখে বারদী আশ্রমে এই সাধকের মহাপ্রয়াণ ঘটে। এরপর থেকেই প্রতিবছর ১৯ জৈষ্ঠ্য লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালন করে আসছে।
এ উপলক্ষে বারদী আশ্রম এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। আশ্রম কমিটির জানিয়েছে, এবারের তিরোধান উৎসবে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুন ভক্তের সমাগম ঘটছে। এর মধ্যে দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসেছে। এদিকে উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী বারদী মাঠে বসবে ৫ দিন লোকজ মেলা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে আশ্রমে পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তন, রাজভোগ, বাল্য ভোগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তিরোধান উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উৎসব উপলক্ষে গঠিত শারদাঞ্জলি ফোরামের সভাপতি বাবুল চন্দ্র পাল জানান, আগত ভক্তদের সেবা দিতে শারদাঞ্জলী ফোরামের উদ্যোগে শিশুদের জন্য গাভীর দুধ বিতরণ, বিশুদ্ধ জল, শরবত, মেডিক্যাল টিম, ঔষধ, গীতা ও ধর্মীয় বিষয়ের ওপর লেখা লিফলেট বিতরণ করার হচ্ছে।
লোকনাথ ব্রক্ষচারীর আশ্রমের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জানান, আগত ভক্তদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, উৎসবকে কেন্দ্র করে ছিনতাই ও চাঁদাবাজী প্রতিরোধে আশ্রম ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি, আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩শ’ সদস্য মোতায়েন আছে। নিরাপত্তা জোরদারে আশ্রমের ভেতরে ও বাহিরে ২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
/এইচকে/