কালীগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

আটকগাজীপুরের কালীগঞ্জে তিন চাঁদাবাজকে আটক করেছে স্থানীয় জনতা। সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়। বুধবার রাতে কালীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন নরসিংদী জেলা সদরের গোড়াদিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী ও ভেলানগর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মজিবুর রহমান প্রধান এবং একই জেলার মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. হারুন-অর-রশিদ।    
এলাকাবাসী ও কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক জানান, নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তিন ব্যক্তি বুধবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি করছিল। বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চাঁদা দাবি করার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় ওই প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা তাদের আটক করে। এরপর তাদেরকে উত্তম মধ্যম দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বাবলু কাজী কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ১৩) দায়ের করেন। মামলায় চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

আটককৃতদের মধ্যে ইউসুফ সাপ্তাহিক দুর্নীতি কণ্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি, মজিবুর অনলাইন নিউজ পোর্টাল ওয়ার্ল্ড ক্রাইম নিউজের সাব-এডিটর ও হারুন স্টাফ রিপোর্টার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন। কিন্তু এসব পরিচয়ের বিপরীতেও তারা কোনও প্রমাণ দেখাতে পারেননি। এ কারণে ছদ্মবেশে চাঁদাবাজির আশ্রয় নেওয়ায় তাদের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। ওই মামলায় বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শাশুড়ি জামাই মিলে গলায় ছুরি চালায় রেবার 

/টিএন/