ঈদে ৬ দিন মহাসড়কে ভারী যান বন্ধ: সেতুমন্ত্রী


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারলেন প্রকল্পের কোটবাড়ি ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে সেতুমন্ত্রীপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬ দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পচনশীল পণ্য ও গার্মেন্ট সামগ্রীবাহী যানবাহনের জন্য নিয়ম শিথিল থাকবে।  শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারলেন প্রকল্পের কোটবাড়ি ফুটওভার ব্রিজসহ ৭টি ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
১৪ দলীয় জোট ও মন্ত্রিসভায় জাসদের অবস্থান সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, এটা তার ব্যক্তিগত অভিমত। আমরা জাসদের অতীত জেনেই তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য করেছি। বাস্তবতার নিরিখে, সময়ের প্রয়োজনে রাজনৈতিক ঐক্য করেছি। উগ্র সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজনে আমরা জোট করেছি।
সেতুমন্ত্রী আরও বলেন, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে গেলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে। সবসময় সবকিছু নিয়ে বিতর্ক সৃষ্টি করলে বর্তমানের প্রধান বিপদ সাম্প্রদায়িক উগ্রবাদ উৎসাহিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চারলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে.এম আতিকুল হক ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিনসহ চারলেন ও সওজ’র কর্মকর্তারা।   

আরও পড়তে পারেন:  ধর্ষণ থেকে ‘যৌন সংসর্গ’: তনু হত্যার তদন্ত কোন পথে 

/এআর/এমএনএইচ/