মাদক বিক্রয়ে বাধা

মুক্তিযোদ্ধাকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

গোপালগঞ্জমাদক বিক্রয়ে বাধা দেওয়ায় এক মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার লোহারংক গ্রামের শেরু কাজীর ছেলে হেমায়েত কাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ অপরাধে ২০১১ সালের ৫ ডিসেম্বর কোটালীপাড়া থানা পুলিশ হেমায়েতকে গ্রেফতার করে। এ মামলায় ছাড়া পেয়ে হেমায়েত আবারও মাদক ব্যবসা শুরু করেন। এলাকার মুক্তিযোদ্ধা আলী আকবর শেখ (আলী শেখ) মাদক বিক্রয়ে বাধা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হেমায়েত ৮ ফেব্রুয়ারি আলী আকবরসহ তিনজনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন।

এলাকার সমাজ সেবক হাজী সুরাত আলী দাড়িয়া বলেন, ‘হেমায়েত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আমি যতটুক জানি, এই মাদক বিক্রয়ে বাধা দেওয়ায় হেমায়েত মুক্তিযোদ্ধা আলী আকবরের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে।’

আলী আকবর বলেন, ‘জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার ৪৫ বছর পর মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হচ্ছে। হেমায়েত নিজে ও তার মা এবং স্ত্রীকে দিয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, গুমসহ ১৪টি মিথ্যা মামলা দিয়েছে। আমরা হেমায়েতের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।’

এ ব্যাপারে জানতে হেমায়েতের মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুজিবুল হক বলেন, মাদক বিক্রেতা হেমায়েত মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধা আলী আকবরকে যেভাবে হয়রানি করছে আমি তার তীব্র প্রতিবাদ করছি। একইসঙ্গে হেমায়েতকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

হেমায়েতের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই মনজের আলী বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 আরও পড়ুন- 

আইএস এর ধ্যান-ধারণায় উদ্বুদ্ধ ফাইজুল্লাহ!
বাংলাদেশে ‘গণগ্রেফতার’ বন্ধের দাবি এইচআরডব্লিউ’র

/বিটি/এসটি/