মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় আটক ফাইজুল্লাহ ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মাদারীপুর সদর থানার ওসি তদন্ত সুকদেব রায় ও ডিবি পুলিশের যৌথ কঠোর প্রহরায় পুলিশ তাকে বিকেল ৩টা ৫০ মিনিটে আদালতে হাজির করে। শুক্রবার হওয়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিনিধি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সাইদুর রহমান শুনানি করেন।
পুলিশের পক্ষ থেকে ১৫দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বিষয়টিকে আমলে নিয়ে সংক্ষিপ্ত শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে আদালতে থেকে আটক ফাহিমকে ব্যাপক পুলিশি প্রহরায় সদর থানায় নিয়ে যাওয়া হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকদেব রায় জানান, শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার মামলায় আটক ফাহিম জঙ্গিসংশ্লিষ্ট ব্যক্তি, এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।
তিনি আরও জানান, ফাইজুল্লাহ পুলিশকে গত কয়েকদিন বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় বিভিন্ন জায়গায় বৃথা অভিযান চালানো হয়। এখন ১০ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় বিস্তারিত জঙ্গি নেটওয়ার্কের তথ্য জানা যাবে।
/এইচকে/