গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আইন-আদালতগাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম কামাল হোসেন (৪০)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।

গাজীপুর আদালতের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক জানান, গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার নুরুল ইসলামের বাড়িতে স্বামীর সঙ্গে দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শহিদা। ২০১১ সালের ৩০ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে কামাল হোসেন স্ত্রী শহিদা বেগমকে (৩০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. আব্দুল গফুর বাদী হয়ে কামাল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম-২ ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

শুনানি ও ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত ওই রায় ঘোষণা করেন।

আরও পড়তে পারেন: পরিবার থেকে দীর্ঘদিন ‘বিচ্ছিন্ন’ ছিল মুকুল রানা

/বিটি/