ঈদের আগেই জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের উদ্বোধন: ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী রোজার ঈদের আগেই জয়দেপুর-ময়মনসিংহ চার-লেন মহাসড়ক এবং কোরবানির ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক উদ্বোধন করবেন।

ওবায়দুল কাদের মঙ্গলবার (২১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে হাইওয়ে পুলিশের ওয়াচ টাওয়ার উদ্বোধন এবং মহাসড়কে ব্যাটারিচালিত যানবাহনের ব্যাটারি জব্দ করার বিষয়টি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের সব কাজ প্রায় শেষ। এ দুইটি মহাসড়ক অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো। মহাসড়কের কারণে ঈদের সময় যানজট হওয়ার কোনও আশঙ্কা নেই।

তিনি বলেন, যেসব স্থানে ছোট ছোট সমস্যা আছে সেগুলো সারিয়ে তোলার জন্য কাজ চলছে। এ ছাড়া সারাদেশে মোবাইল টিম কাজ করবে। যেখানেই রাস্তায় সমস্যা দেখা দেবে সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

যানজট নিরসনের জন্য মহাসড়কে ১৪টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কাঁচপুর পয়েন্টে তিন শিফটে ৯০ জন সেচ্ছাসেবক কাজ করবে হাইওয়ে পুলিশের সঙ্গে।

ঈদকে সামনে রেখে পরিবহনে বাড়তি ভাড়া আদায় প্রসসঙ্গে মন্ত্রী বলেন, মহাসড়কগুলোতে যাতে কোনও ধরনের চাঁদাবাজি এবং যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সে জন্য পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর মোবাইল টিমকে আরও বেশি সক্রিয় করা হবে।

মন্ত্রী বলেন, কোনও ভাবেই ব্যাটারি চালিত রিকশা, সিএনজি, ভটভটি, টমটম মহাসড়কে চলতে দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ কবীর, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকতা আবু নাসের, ট্রাফিক পুলিশের এএসপি বদরুল আলম মোল্লা, হাইওয়ে পুলিশের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম প্রমুখ। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

ঈদে অতিরিক্ত যাত্রী বহনে লঞ্চের যাত্রা বাতিল

ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন

/এফএস/