নারায়ণগঞ্জে ২১ পোশাক কারখানা নজরদারিতে

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে ২১টি রপ্তানিমুখী গার্মেন্ট কারখানা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় ঈদুল ফিতরের আগে এসব কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা রয়েছে। শ্রমিক নেতারাও এসব কারখানা নিয়ে গত কয়েকদিন ধরে নিয়মিত মিছিল, মিটিং ও সমাবেশ করে আসছে। অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এসব কারখানা মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও চূড়ান্ত কোনও পর্যায়ে আসতে পারেনি। এসব নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কাও দূর হচ্ছে না।

নারায়ণগঞ্জের কলকারখানা ও প্রতিষ্ঠানগুলোর উপ মহাপরিদর্শক আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে ২১টি গার্মেন্টে বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছেন। যার মধ্যে রয়েছে রূপগঞ্জের অনন্ত গার্মেন্ট, বিসিকের প্রিসাইজ ফ্যাশন লিমিটেড, পঞ্চবটির রিফাস নিট ওয়্যার, কাশিপুরের ভায়োডেন অ্যাপারেলস উল্লেখযোগ্য।

শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান জানান, নারায়ণগঞ্জে যেসব গার্মেন্ট কারখানায় বকেয়া বেতন ভাতা পরিশোধ নিয়ে সমস্যা রয়েছে সেগুলোর তালিকা তৈরি করে কাজ করছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। তিনি বিকেএমইএ ও বিজেএমইএ’র কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে, যে কোনও উপায়েই হোক ঈদের আগে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করতে কারখানা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন নিট গার্মেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

তিনি জানান, ইতোমধ্যে মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে মালিকদের কোনও অজুহাত চলবে না। পণ্য, গাড়ি, মেশিন বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। যদি কোনও মালিক পুরো মাসের বেতন পরিশোধ করতে না পারেন তাহলে ওই কারাখানার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ৩ সপ্তাহের বেতন দিয়েও শ্রমিকদের খুশি রাখতে পারেন তাহলে বিকেএমইএ কোনও সমস্যা নাই। কিন্তু কোনও মালিকের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ আসলে ওই মালিক যেই হোক ঈদের পর সেই মালিক আর ব্যবসা করতে পারবে না। তালিকা মোতাবেক ২১টি কারখানাতেই শিল্প পুলিশ, বিকেএমইএ ও শ্রমিক নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, ঈদের আগে সকল শ্রমিককে তাদের বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে। যদি কেউ এর ব্যতয় ঘটায় তাহলে সম্মিলিতভাবে প্রশাসন পদক্ষেপ নিবে। শ্রমিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহবান জানান জেলা প্রশাসক।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, এখনও অনেক গার্মেন্ট কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। শ্রমিকদের কাঙ্খিত ঈদ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে মালিকরা বিদেশে গিয়ে ঈদ উৎসব করবে আর শ্রমিকেরা ঈদের দিন না খেয়ে থাকবে তা হতে দেওয়া হবে না।

আরও পড়ুন:
বোনাসের দাবিতে বাটা সিগন্যালে পোশাক শ্রমিকদের অবরোধ

/বিটি/