গাজীপুরে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোর জেলার শর্শা থানার কেরালখালী গ্রামের লিটন হোসেন (২৯), তার ছোট ভাই টিটন (২৩) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কোনাপাড়া গ্রামের আমির হোসেন (২৭)।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালিয়ে পান বোঝাই একটি পিকআপ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা ইয়াবার এ চালানটি গাজীপুরে নিয়ে আসছিল। কিন্তু গাজীপুর পুলিশের বিশেষ নজরদারি ও তৎপরতার কারণে বিপুল পরিমাণ ইয়াবার চালানটি আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামি আমির হোসেন জানায়, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাকের মধ্যে পান ভর্তি একটি খাঁচায় ওই ইয়াবার প্যাকেট গুলো বিশেষ কায়দায় রক্ষিত ছিল। গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে এগুলো নামানোর পর একটি ছোট পিকআপ যোগে ওই পানের খাঁচাটি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।
এদিকে গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম জানান,সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ১১ জনকে আটক করেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
/এআর/