নরসিংদীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ দু’জন আটক

নরসিংদীতে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইনসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।Narsingdi-heroin-01

আটককৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার মোল্লাপাড়া এলাকার ফাহিমা আক্তার (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া এলাকার মো. আল আমিন (৩২)।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম জানান, বড় ধরনের মাদকের চালান আসবে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমারের নেতৃত্বে গোয়েন্দা সদস্যরা মাধবদী থানার পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এসময় একটি খাবার হোটেলের সামনে আল আমিন ও ফাহিমা আক্তার নামে দু’জনের গতিবিধি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

ঢাকা থেকে হেরোইনের চালানটি পাঁচদোনায় হাতবদল করার জন্য আনা হয়েছিল বলে পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়। এ ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নরসিংদীতে এটিই সবচেয়ে বড় হেরোইনের চালান আটক বলে পুলিশ জানায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সেই ভুয়া ডেন্টাল সার্জন মুরাদসহ ১২ জনকে কারণ দর্শানোর নির্দেশ 

/জেবি/এআর/