পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট রুটে যমুনা নদীতে অবৈধ স্পিডবোড বন্ধ ও এক লঞ্চ মালিককে মারধরের প্রতিবাদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ মালিকরা।

পাটুরিয়া ঘাটের ছবি

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লঞ্চ মালিক উজ্জ্বল ফকিরের ওপর শিবালয় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু হামলা চালায়। এসময় মিঠুর ভাই মিতুল, উজ্জ্বল ও রতনসহ প্রায় ৩০-৪০ এই হামলায় অংশ নেয়। এই হামলার ঘটনায় লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ সিদ্ধান্ত নিয়েছে।

পাটুরিয়া নৌ-পুলিশের ইনচার্জ মো. সামশুল আলম লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ ও আহত লঞ্চ মালিক উজ্জ্বল ফকির জানিয়েছেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌ রুটে আলী আহসান মিঠুর নেতৃত্বে অবৈধভাবে স্পিড বোট চালানো হচ্ছিল। এ বিষয়ে প্রশাসনসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনও কাজে আসেনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে আলী আহসান মিঠুর নেতৃত্বে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ কর্মী আরিচা লঞ্চ ঘাটে উপস্থিত হয়ে লঞ্চ কাউন্টার উচ্ছেদ করে স্পিড বোটের কাউন্টার স্থাপন করার চেষ্টা চালায়। এসময় লঞ্চ মালিকরা বাধা দিলে লঞ্চ মালিক উজ্জ্বল ফকিরকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে লঞ্চ মালিক সমিতি পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। ওই সব রুটে স্পিড বোট বন্ধ এবং লঞ্চ মালিককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত  লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে মালিক সমিতি নেতৃবৃন্দ জানিয়েছেন।

এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গালিব খান জানান, বিষয়টি নিয়ে লঞ্চ মালিক পক্ষের সঙ্গে বৈঠক চলছে। খুব শীঘ্রই বিষয়টি সমাধান করে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আরিচা নদী বন্দরের বিআউডব্লিউটি’র সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আরিচা-কাজিরহাট রুটে স্পিড বোট চলাচল করছে। কোনোভাবেই  তা বন্ধ করা সম্ভব হচ্ছে না।

/টিএন/

আরও পড়ুন: ময়মনসিংহে কয়েক হাজার সিমসহ আটক ৩