কিশোরগঞ্জে বাস খাদে পড়ে মা ও শিশু নিহত

.কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও আটমাস বয়সের ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার কটিয়াদী উপজেলার লোহাজুড়ি গ্রামের কামরুজ্জামানের স্ত্রী নাদিরা আক্তার ও তার আট মাসের ছেলে  আনাস।
ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে অনন্যা সুপার পরিবহনের একটি বাস কিশোরগঞ্জ যাচ্ছিল। সকাল ১০টার দিকে কুলিয়ারচরের মনোহরপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ওই মা ও শিশু।

আহতদের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ আরও জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধারের জন্য কাজ করছেন।

/এনএস/