ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

.ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইলিয়াস (২৮) নামের এক বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর এলাকার পাল সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
ধামরাই থানার ওসি রেজাউল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও খুব দ্রুত তা নিরসন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ভিলেজ পরিবহনের একটি বাস প্রায় ৩৫জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভযাত্রা পরিবহনের হেলপার ইলিয়াছের মৃত্যু হয়। এছাড়াও দুই বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।

এদিকে সড়ক দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

/এনএস/