সড়ক মেরামত ও নির্মাণের কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাস্তার মান নিয়ে আমি খুশি নই। দুই বছর আগে চন্দ্রা-নবীনগর ফোর লেনের কাজ শেষ হলেও এ রাস্তায় একটু বৃষ্টি হলে গর্ত হয়ে যায়। মেরামত করতে বলা হলেও সেটি এখনও মেরামত করা হয়নি। আমি গেলেই আমার সামনে একটি গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কোনও কাজ হয় না।’
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মানসিকতায় পরিবর্তন আনতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘ফোর লেন, এইট লেন করে কোনও লাভ হবে না। রাস্তা যদি দখল হয়ে থাকে, রাস্তায় যারা চলেন তারা যদি শৃঙ্খলা না মানেন তবে এসব করে লাভ কী।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় এখন মোটরসাইকেলে তিনজন আরোহী চড়া প্রায় ৯০ ভাগ বন্ধ করা গেছে। কিন্তু সারাদেশে এটি বন্ধ হয়নি। অনেক রাজনৈতিক কর্মীরা তা মানে না, তারা তিনজন করে মোটরসাইকেলে চড়বে এবং কোনও হেলমেটও ব্যবহার করবে না। অনেক পাতি নেতা, সিকি নেতাদের ব্যানার, বিলবোর্ডে মহাসড়ক ফের ছেয়ে গেছে। এসব নেতাদের ছবির ভিড়ে বঙ্গবন্ধু ও নেত্রী শেখ হাসিনার ছবি খুঁজে পাওয়া দায়।’
অনেক রাজনৈতিক নেতার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে সেতুমন্ত্রী বলেন, ‘অনেকনেতা এবং অনেক বড়লোক দেশে ঈদ করেন না। তারা ঈদ উদযাপন করতে চলে যান দেশের বাইরে। এটা খুব কষ্টকর, যে দেশের মাটিতে তারা আনন্দ খুঁজে পায় না।’
তিনি বলেন, ‘আমি রাস্তার শৃঙ্খলা, সড়কের মান উন্নয়নের জন্য লড়াই চালিয়ে যাব, কোনও আপোস করবো না।’
মন্ত্রীর পরিদর্শনকালে সড়ক ও জনপথের (সওজ) ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার (এসপি) শফিকুর রহমানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে লোকজন। তবে মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: গুলশান ও শোলাকিয়ার হামলা জেএমবির কাজ: আইজিপি
/বিটি/এসটি/