টাঙ্গাইলের জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মাসুম আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ৪ জুলাই রাতে জেএমবির তিন নারী সদস্য রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমিকে (১৮) কালিহাতী থানা পুলিশ জোকারচর এলাকার একটি বাড়ি থেকে আটক করে। পরদিন তাদের বিরুদ্ধে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুতুবউদ্দিন বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় এদের স্বামীদেরও আসামি করা হয়।
পুলিশ ওইদিনই গ্রেফতারকৃত তিনজনকে টাঙ্গাইল বিচারিক আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন জানায়। তখন বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাশ তাদের কারাগারে পাঠিয়ে ঈদের ছুটির পর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।
জানা গেছে, গ্রেফতারকৃত রোজিনা বেগমের স্বামীর নাম মোকছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজ (৩৫)। তার বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর ভুতমারা গ্রামে। সাজিদা আক্তারের স্বামী নজরুল ওরফে বাইক নজরুল ওরফে পারভেজ ওরফে হাসান (২৯)। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ছাবাহার গজপুরী গ্রামে। এছাড়া, জান্নাতীর স্বামী আবু সাইদ ওরফে সবুজ (২৪)। তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বাগরা কুসুমদী গ্রামে।
আরও পড়ুন: জঙ্গিকাণ্ডে ইমেজ সংকটে নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠান
/এমও/