রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে স্কুলশিক্ষক গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিমানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষক ইব্রাহিম দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীদের রাষ্ট্রবিরোধী শিক্ষাদানের অভিযোগে সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে স্কুল কমিটির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনসহ ওই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সোমবারের অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পরীক্ষাও বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ১নং প্রশ্নে ‘জারিফ খুব নীতিবান ও প্রতিবাদী ছেলে। রাষ্ট্রের অত্যাচার-অনিয়ম দেখলে তার রক্ত শিউরে উঠে। বিভিন্ন ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের দুর্বল ভূমিকায় সে খুব ক্ষুদ্ধ। তাই নিজেই ভিক্ষুক সেজে কৌশলে অন্যায়কারীদের শায়েস্তা শুরু করে।’ এখানে উত্তর দিতে বলা হয়েছে উদ্দীপক জারিফের কার্যাবলির সঙ্গে বাংলার কোন আন্দোলনের মিল আছে?
চতুর্থ প্রশ্নে, “বাংলাদেশ নারীদের স্বর্গরাজ্য। নারীরা বিভিন্ন কোটার বদৌলতে বড় বড় পদে আসীন। মিস্টার ‘এ’ একজন মহিলা সচিব। সে তার স্বামীকে দিয়ে সংসারের সকল কাজ করায়, তারপর প্রায়ই নির্যাতন করে। অসহায় স্বামী সন্তানদের মুখের উপর তাকিয়ে নীরবে সব লাঞ্ছনা-বঞ্চনা সহ্য করে।” এখানে শিক্ষার্থীদের উত্তর দিতে বলা হয়েছে ‘এ’ এর স্বামী তুমি হলে কী করতে? ‘এ’ এর স্বামীর নীরবে নির্যাতন সহ্য করার প্রতিকার রাষ্ট্রীয় আইনে থাকা দরকার- বিশ্লেষণ কর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী জানান, ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবারের অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পরীক্ষাও বাতিল করা হয়েছে। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিসের ছেলে ৭ম শ্রেণির পরীক্ষা শেষে তার মাকে এসব প্রশ্ন দেখায়। তিনি প্রশ্ন দেখে আমাকে বিষয়টি অবগত করেন। এরপর আমি প্রশ্ন পড়ে রাষ্ট্রবিরোধী ও নারীবিদ্বেষের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলি।

পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সমাজবিজ্ঞান শিক্ষক ইব্রাহিম দেওয়ানের তৈরি করা ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পরীক্ষায় রাষ্ট্রবিরোধী ও নারী বিদ্বেষমূলক প্রশ্ন করা হয়েছে। যা কোমলমতি শিশু ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং পাশাপাশি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতিও চলছে।

/এমও/