শোলাকিয়ায় জঙ্গি হামলা

আসামি জাহিদুল ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায়

শোলাকিয়ায় ধরা পড়া জঙ্গি জাহিদুল ওরফে তানিমকে পুলশ প্রহরায় কারাগারে নেওয়া হয়

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় গ্রেফতার জাহিদুল হক ওরফে তানিমকে ঢাকায় পাঠানো হয়েছে। সকালে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি প্রহরায় তাকে ঢাকায় সিআইডি কার্যালয়ে পাঠানো হয়।

ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শোলাকিয়া হামলামামলার তদন্তকারী কর্মকর্তা ও কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মুর্শেদ জামান জানান, পুলিশ প্রহরায় জাহিদুল হক তানিমকে ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিআইডির ডিএনএ ল্যাবে তানিমের রক্ত, চুল, লালাসহ অন্যান্য নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। রবিবার আবার তাকে কিশোরগঞ্জ কারাগারে ফেরত আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি জাহিদুল হক ওরফে তানিম ও শফিউল ইসলামকে ১০ জুলাই আসামি করে কিশোরগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। একই দিন জাহিদুল হককে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১৯ জুলাই তাকে আদালতে হাজির করা হয়। আদালত জাহিদুল হককে সেদিনই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার প্রধান আসামি শফিউল ইসলাম বর্তমানে র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শোলাকিয়ায় ধরা পড়া জঙ্গি জাহিদুল ওরফে তানিম

এর আগে, গত ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের তল্লাশি চৌকিতে  ধরা পড়ে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনার পর দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু অস্ত্র।

/জেবি/টিএন/