৪০ দিনের শিশুসহ মায়ের আত্মহত্যা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে ৪০ দিনের এক শিশুকে কোলে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মা। রবিবার গভীর রাতে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া এলাকাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সোনিয়া আক্তার (২২) ও তার কন্যা ফাতেমা আক্তার। সোনিয়া আক্তার সুমিলপাড়া এলাকার গার্মেন্ট শ্রমিক জসিমউদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, পরিবারে আর্থিক সংকট নিয়ে অশান্তি ছিল। তবে মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এসআই রাসেল নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ১২টায় আদমজী সুমিলপাড়া বিহারি কলোনি এলাকার ৩নং পুকুরে সন্তানকে কোলে নিয়ে ঝাঁপ দেয় সোনিয়া। স্থানীয়রা প্রথমে সোনিয়াকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। প্রায় ১ ঘণ্টা পর পুকুরে তল্লাশি চালিয়ে শিশু ফাতেমার লাশ উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ জানান, ‘নিহত সোনিয়ার বাবা শহিদুল্লাহ মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তবে তিনি কোনও অভিযোগ না করায় অপমৃত্যু মামলা করা হয়েছে। দুই পরিবারের লোকজন জানিয়েছে, মূলত আর্থিক সংকট নিয়ে পারিবারিক কলহের কারণেই এই ঘটনা ঘটতে পারে।’

আরও পড়ুন: কুমিল্লায় ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার 

/এনএস/টিএন/আপ-এআর/