বিএনপি জঙ্গিবাদের পক্ষে: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদগত কয়েকদিনে বিএনপির কয়েকজন নেতার বক্তব্যে বোঝা গেছে তারা জঙ্গিবাদের পক্ষে, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য তথাকথিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হচ্ছে। তবে যারা এসব করছে তারা সফল হবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও বিচক্ষণ। ভয়ভীতি আতঙ্ক তার মধ্যে নেই। সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী ঐক্যবদ্ধ।
এর আগে, সকালে বাণিজ্যমন্ত্রী ফতুল্লার চাঁদমারীতে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্মিত নিজস্ব ৭তলা ভবনের উদ্বোধন করেন। পরে চেম্বার ভবনে অবস্থিত অর্থ মন্ত্রণালয় ও এডিবির অর্থায়নে বাস্তবায়িত এবং বিকেএমইএর অধীনে পরিচালিত এসইআইপি ট্রেনিং কোর্স উদ্বোধন করেন। বিকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেএমইএর সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শ্রমিক প্রতিনিধিরা।

/এমও/