হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

বিদ্যুৎ কেন্দ্র

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৪১২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন হরিপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ৪টায় লাগা আগুনে পুড়েছে কেন্দ্রের একটি ট্রান্সফরমার। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার পুড়ে যাওয়া ছাড়া বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড মেইনটেনেন্স এর নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার জানান, ভোর ৪টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের টিম সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যে ট্রান্সফরমারটি পুড়ে গেছে তাতে ৭ থেকে ৮ হাজার লিটার ফার্নেস অয়েল ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পরেই বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ভোর ৪টায় অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি টিম প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা থেকে দুটি ইউনিট আসলেও তাদের কাজ করতে হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 /এসটি/