আগস্ট মাসে দেশে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এ আশঙ্রকার কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, 'গুলশান ও শোলাকিয়া হামলার পর আমরা শঙ্কিত। জঙ্গিরা হয়তো আগামী আগস্ট মাস হামলার জন্য বেছে নিতে পারে। ওই মাসে তারা একটি অঘটন ঘটাতে পারে। তাই প্রশাসনকে সব প্রস্তুতি নিতে বলা হয়েছে।'
মধ্যবর্তী নির্বাচন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সরকারের আরও সোয়া দুই বছর মেয়াদ রয়েছে। মেয়াদ শেষ হলেই নিয়মানুযায়ী নির্বাচন দেওয়া হবে। মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন দিবেন কিনা তা প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন।
ভুলতা ফ্লাইওভার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া ২৯০টি পাইলিংয়ের মধ্যে ২২০টি পাইলিং করে ফেলা হয়েছে। এছাড়া ২৭টি পিলারের মধ্যে ছয়টি পিলারের কাজ শেষ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা এএসপি আনোয়ার হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম, মাহবুব শাহ, রবিউল ইসলামসহ স্থানীয় নেতারা।
প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ জামিল জানান, ২৪০ কোটি টাকা ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়নে ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। চার লেন বিশিষ্ট ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে ১ দশমিক ২৩৮ কিলোমিটার। মূল ফ্লাইওভারের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা, সড়ক নির্মাণে ব্যয় ১১২ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় হবে সাড়ে সাত কোটি টাকা। নির্মাণ কাজের শুরু থেকে আগামী দুই বছরের মধ্যে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হবে।
আরও পড়ুন:
সারাদেশের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের
/বিটি/