নূর হোসেনের স্ত্রী গ্রেফতার

দুদকনারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৪০) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। সোমবার সকাল ৭টায় দুদকের প্রধান কার্যালয়ের একটি টিম সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

এদিকে, পুলিশের একটি সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সস্প্রতি রাজধানীর রমনা থানায় নূর হোসেন ও তার স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলার পরিপ্রেক্ষিতেই রুমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। আর নূর হোসেন গত বছরের ১১ নভেম্বর থেকে গ্রেফতার রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, দুদকের প্রধান কার্যালয় ঢাকার একটি টিম সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতা চেয়েছিল। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সোমবার সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় নূর হোসেনের বাসা থেকে তার স্ত্রী রুমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসলে তা আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। ২০১৪ সালের ১৯ মে অনুসন্ধান শুরু করার পর নূর হোসেনের নামে-বেনামে প্রায় আট কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। নূর হোসেন ভারতে পলাতক থাকা পর গত বছরের ১১ নভেম্বর বাংলাদেশে নিয়ে আসা হলে তার যাবতীয় সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় সংস্থাটি। পরে গত বছরের ১৩ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণীর দাখিল করেন নুর হোসেন। তবে তিনি জমাকৃত ওই সম্পদ বিবরণীতে মাত্র এক কোটি ৭৮ লাখ টাকার সম্পদের হিসাব দেখান।

ওই সম্পদ বিবরণীতে তার স্ত্রী রুমা হোসেনকেও একটি বাড়িসহ বেশ কিছু সম্পদের মালিক দেখানো হয়। তাই রুমা হোসেনের নামে উল্লেখ করা সম্পদগুলো সঠিক কিনা তা জানতে গত ২২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিশ পাঠায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা। এর আগে নূর হোসেন ও রুমা আক্তারের বিরুদ্ধে তদন্ত শুরু করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জুলফিকার আলী।

আরও পড়ুন: 

গুলশান হামলার ১মাস: মূল হোতারা কোথায়?

গুলশান হামলা: একমাস ধরে জঙ্গিদের লাশ মর্গে



 

/বিটি/