ত্রাণ নিয়ে কোথাও অনিয়ম দেখা গেলে কঠোর ব্যবস্থা: মায়া

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াত্রাণ সামগ্রী নিয়ে কোথাও কোনও অনিয়ম ও গাফিলতি দেখা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে গোহালিয়াবাড়ী ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারাদেশে আমাদের ত্রাণ তৎপরতা চলছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখভাল করছে। বন্যা কবলিত মানুষ যে পর্যন্ত ঘরে ফিরে না যাবে সে পর্যন্ত আমাদের এই ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।
এসময় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাছে ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেন মন্ত্রী। পরে মন্ত্রী বন্যা কবলিত বিভিন্ন এলাকা  ঘুরে দেখেন এবং ১৫০টি পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করেন।  
এসময় টাঙ্গাইল সদর আসনের সংসদ মো. ছানোয়ার হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় সচিব মো. শাহ কামাল, মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার মো. মাহবুব আলম, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম ঠান্ডুসহ দলীয় ও সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যের কোনও সম্ভাবনা নেই’ 

/এআর/