পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে বৈরি আবহাওয়াসহ সৃষ্ট ঢেউ ও তীব্র স্রোতের কারণে রো-রো (বড়) ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
এছাড়া দৌলতদিয়ার তিনটি ফেরি ঘাটের মধ্যে মাত্র একটি দিয়ে যানবাহন উঠানামা করছে। ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকে আছে।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল সাড়ে তিনটা থেকে রো-রো ( বড়) ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র চারটি ইউটিলিটি ফেরি ও দুইটি কে-টাইপ ফেরি দিয়ে পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তের তিনটি ঘাটের মধ্যে দু’টি পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।
এখন শুধুমাত্র একটি ঘাট দিয়ে যানবাহন উঠা নামা করছে।
রো- রো ফেরি বন্ধ থাকায় ফেরি পারের অপেক্ষায় ঘাট দু’টিতে যাত্রীবাহী বাসসহ প্রায় হাজারখানেক যানবাহন আটকা রয়েছে।
রো- রো ফেরিগুলো ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে বলে জানান ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
/জেবি/এমএসএম/
আরও পড়তে পারেন: বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন কাল