পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস বন্ধ, বিপর্যস্ত ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা

Manikganj=Jum PC-2মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় রবিবার সকাল থেকে ঢাকার সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার  সড়ক পথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

তিনি জানান, বৈরী আবহাওয়ায় সৃষ্ট ঢেউ ও তীব্র স্রোতের কারণে ঘাট ভেঙে যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।

শেখ মোহাম্মদ নাসিম বলেন, এর আগে শনিবার বিকেল থেকে বৈরী আবহাওয়ায় সৃষ্ট ঢেউ ও তীব্র স্রোতের কারণে এ রুটে বন্ধ হয়ে যায় রো-রো (বড়) ফেরি চলাচল। কিন্তু ঘাট তলিয়ে যাওয়ায় রবিবার সকাল নয়টা থেকে সবধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, এ কারণে দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন যানবাহন মালিকদের এই রুট ব্যবহার না করে যমুনা সেতু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এতে করে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শত শত যাত্রীবাহী বাস ও ট্রাক পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। ফলে হাজার হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

Manikganj-7শনিবার ছোট ছয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও রাতে থেকে ফেরি পারাপার কমতে থাকে এবং রবিবার সকাল থেকে পুরোপুরি তা বন্ধ হয়ে যায়।  সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শত শত যানবাহনের হাজার হাজার যাত্রী ঘাট এলাকায় আটকা পড়েছেন বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মধ্যবয়সী জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, তিনি শনিবার দুপুর দেড়টার দিকে পরিবার-পরিজন নিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার জন্য পূর্বাশা পরিবহনে রওয়ানা দেন। বিকেল ৩টা নাগাদ পাটুরিয়া ঘাটে পৌঁছে জানতে পারেন, পাটুরিয়া থেকে দৌলতদিয়া রুটের সবগুলো রো-রো (বড়) ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

সিঙ্গাপুর প্রবাসী আসগর আলী জানান, তার বাড়ি সাতক্ষীরা যাওয়ার জন্য শনিবার রাত একটা থেকে পাটুরিয়া ঘাটে আটকা পড়ে আছেন। সঙ্গে বেশ কয়েকটি বড় সাইজের লাগেজ থাকায় বিকল্প পথে গন্তব্যে যেতেও পারছেন না তিনি।

Manikganj-Jum-PC-1এদিকে, ঘাট সূত্র জানায়, গত ৪ আগস্ট ঘাটে আসা ৩৬৫টি পণ্যবাহী ট্রাকের মধ্যে এখনও ১৬৫টি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে। ফেরিঘাট তলিয়ে যাওয়ায় এ সব ট্রাকের পারাপার একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, ফেরি চলাচল আকস্মিক বন্ধের ঘটনাটি প্রত্যক্ষ এবং জরুরিভাবে চালু করতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন। তলিয়ে যাওয়া ঘাট জরুরি ভিত্তিতে পুনর্নিমাণের জন্য কয়েক দফা বৈঠক করেছেন বলে জানা গেছে।

অপরদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে   লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা এরিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান জানিয়েছেন, পদ্মা নদীর দৌলতদিয়া পয়েন্টে তীব্র স্রোতে চারটি ফেরিঘাটই অকার্যকর হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে ঘাট পুনর্নিমাণের চেষ্টা চালানো হচ্ছে।

খুব শিগগিরই ফেরি সার্ভিস চালু করা হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.শফিকুল ইসলাম বলেছেন, অকার্যকর ফেরিঘাট চালুর প্রাণান্তকর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন:
ওসি কুনিও হত্যা মামলা: চার জেএমবি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

/বিটি/এবি/