গাজীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসি

ফাঁসি

গাজীপুরে জবাই করে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মোছা.হাবিবা বেগমকে (৩৩)ফাঁসির দন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।  একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হাবিবা বেগমের বাবার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার শামুরবাড়ি গ্রামে এবং তিনি গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার নিহত মো. জাকির হোসেনের স্ত্রী ছিলেন।

গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, প্রায় ১৫ বছর আগে জাকির হোসেনের সঙ্গে হাবিবার বিয়ে হয়। তাদের সংসারে নুসরাত জাহান সিনথিয়া (১১), হোমাইরা ওরফে ছামিরা (৬) ও মরিয়ম ওরফে সুমাইয়া (৩) নামে তিনজন মেয়ে রয়েছে। জাকির হোসেন গাজীপুরের কালিয়াকৈর যমুনা স্পিনিং মিলে স্টোর ইনচার্জ হিসেবে চাকরি করতেন এবং মিলের পাশে মোসলেম উদ্দিনের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকতেন। সংসারে অভাব অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথাকাটাকাটি ও ঝগড়া বিবাদ হতো। ২০১৫ সালের ২৭ মে দিবাগত রাত ৯টার দিকে হাবিবা তার স্বামীকে কৌশলে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়। পর দিন সকাল পৌঁনে আটটার দিকে বড় মেয়ে নুসরাত জাহান সিনথিয়ার সামনে অচেতন অবস্থায় স্বামী জাকির হোসেনকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এসময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো তাদের কাছে হাবিবা স্বামীকে হত্যার কথা স্বীকার করে। পরে তারা তাকে পুলিশের সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন খান তদন্ত শেষে গত বছরের ১৭ নভেম্বর অভিযুক্ত হাবিবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে সোমবার দুপুরে আদালত হাবিবার বিরুদ্ধে এই রায় দেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিয়ারত হোসেন।

/জেবি/

আরও পড়তে পারেন: নরসিংদীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু