নারায়ণগঞ্জে টোকিও প্লাজার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে টোকিও প্লাজার আগুন নিয়ন্ত্রণেনারায়ণগঞ্জ শহরে টোকিও প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার ‘টোকিও প্লাজা-২’ নামের ওই ভবনে বুধবার বিকাল ৬টার দিকে আগুন লাগে। আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে প্রায় কোটি টাকার আসবাবপত্র ও সরঞ্জাম।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিন মনি শরমা জানান, নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে টোকিও প্লাজায় আগুন

টোকিও প্লাজা সংশ্লিষ্ট প্রকৌশলী জসিমউদ্দিন জানান, ভবনের ৫তলায় শিশুদের জন্য নির্মাণাধীন একটি ‘থিম পার্ক’ এর কাজ চলছিল। সেখানে নির্মাণের জন্য কাঠ ও প্লাইবোর্ড ছিল অনেক। আমাদের প্রাথমিক ধারণা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে প্রায় ১ কোটি টাকার আসবাবপত্র ও নির্মাণ সামগ্রী ছিল।

স্থানীয়রা জানায় থিম পার্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় অন্যান্য ফ্লোরে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্ল্যাট বাসায় থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হুড়োহুড়ি করে অনেকে ভবনের ছাদে ও নিচে নেমে আসে।

জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ‘টোকিও প্লাজা-২’ ভবনটি ১৬ তলা। এর নিচ তলা থেকে চার তলা ফ্লোরে সুতা, হোসিয়ারি ও থান কাপড়ের দোকান রয়েছে। ৫ম তলায় নির্মিত হচ্ছিল শিশুদের একটি থিম পার্ক। ৬ষ্ঠ তলা হতে ওপরে রয়েছে আবাসিক ফ্ল্যাট বাসা।

/এনএস/