শরীয়তপুরে বন্যার্তদের মাঝে আইজিপির ত্রাণ বিতরণ



পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকশরীয়তপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার মজিদ জরিনা ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরকলিকাতায় ‘মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে ১ হাজার ২০০ বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আইজিপি এই ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টির প্রতিষ্ঠাতা।

এসময় আইজিপি বলেন, বন্যার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি লবণ, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

আইজিপি জানান, মজিদ জরিনা ফাউন্ডেশন জনকল্যাণে নিবেদিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। শিক্ষার বিস্তার এবং দুঃস্থ মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি কাজ করছে। এ ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত ‘মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ’ ইতোমধ্যে নড়িয়ায় শিক্ষা ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখছে।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও ফাউন্ডেশনের ট্রাস্টি এ কে এম ইসমাইল হক, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফাউন্ডেশনের ট্রাস্টি এ কে এম নুরুল হক বেপারী এবং কলেজের অধ্যক্ষ মো. ছানোয়ারুল আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

/এআরআর/এনএস/