প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৪

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মধ্যে একজনের ও নিহত পরিবার অপর তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পুরিন্দা এলাকাতে মজিবুর রহমান নামের এক ব্যক্তির ৮ বছরের শিশু আরিফুর মহাসড়কের রাস্তা পার হচ্ছিল। ওই সময়ে তাকে সাইড দিতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম জানান, ‘বিকাল সাড়ে ৫টায় নরসিংদী থেকে একটি প্রাইভেটকারে চারজন ঢাকা যাচ্ছিল। প্রাইভেটকারটি উপজেলার পুরিন্দায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে তুষার নামে একজনের মৃত্যু হয়। আহত হয় তুষারের সঙ্গে থাকা লিমন, অভি, আতিকুর রহমান পাভেল। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।’

এদিকে ঢাকার অ্যাপোলে হাসপাতাল থেকে নিহত পাভেলের বড় ভাই ইয়াসিন জানান, হাসপাতালে আনা অপর আহত তিন জনও মারা গেছে।

নিহত আতিকুর রহমান পাভেল নরসিংদী এলাকার মাধবদি এলাকার মোমেন মোল্লার ছেলে। তুষার, লিমন ও অভি একই এলাকার বাসিন্দা। তারা চারজনই ওই এলাকাতে কাপড়ের ব্যবসায় করতেন।

/এনএস/