জিয়া জঙ্গিবাদের বীজ রোপণ করেছিলেন: তোফায়েল

মানিকগঞ্জে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান এদেশে জঙ্গিবাদের বীজ রোপণ করেছিলেন’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় সিংগাইর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক ও জঙ্গিবাদবিরোধী এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে  বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তোফায়েল আহমেদ বলেন, ‘জামায়াতে ইসলামী ছিল এদেশে নিষিদ্ধ। জিয়াউর রহমান ক্ষমতায় এসে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। গোলাম আযমকে দেশে এনেছেন। যার ফল এখন দেশের মানুষ ভোগ করছে।’
তিনি গুলশান হামলার প্রসঙ্গে তিনি বলেন, গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে ৯ জঙ্গীরা মারা গেছে, তাদের বাবা মা লজ্জায় তাদের পরিচয় দেয় না। কিন্তু বিএনপি দাবি করে এরা জঙ্গি না।
সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মমতাজ বেগম সভার সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, নাট্যকর্মী রোকেয়া প্রাচী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু প্রমুখ।

/এনএস/